যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে          এমন গানে গানে।    কেন তারার মালা গাঁথা,    কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা          জানায় কানে কানে॥    যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া          চায় এ মুখের পানে।    তবে ক্ষণে ক্ষণে কেন    আমার হৃদয় পাগলহেন, তরী সেই সাগরে ভাসায়, যাহার          কূল সে নাহি জানে। ২৮ আশ্বিন ১৩২০ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)