অজানা জীবন বাহিনু,     রহিনু আপন মনে, গোপন করিতে চাহিনু     ধরা দিনু দুনয়নে। কী বলিতে পাছে কী বলি তাই দূরে ছিনু কেবলি, তুমি কেন এসে সহসা     দেখে গেলে আঁখি কোণে     কী আছে আমার মনে? গভীর তিমির গহনে     আছিনু নীরব বিরহে, হাসির তড়িৎ দহনে     লুকানো সে আর কি রহে? দিন কেটেছিলো বিজনে ধেয়ানের ছবি সৃজনে, আনমনে যেই গেয়েছি     শুনে গেছো সেইখনে     কী আছে আমার মনে॥ প্রবেশিলে মোর নিভৃতে,     দেখে নিলে মোরে কী ভাবে, যে-দীপ জ্বেলেছি নিশীথে     সে-দীপ কি তুমি নিভাবে? ছিল ভরি’ মোর থালিকা, ছিঁড়িব কি সেই মালিকা? সরম দিবে কি তাহারে,     অকথিত নিবেদনে     যা আছে আমার মনে? ২৭ শ্রাবণ, ১৩৩৫ — মহুয়া (1929)