বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে, আচ্ছা ক’রে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে, বল্ল কেশে, “বড়ই কঠিন ব্যামো, এ সব কি সুচিকিৎসা?—আরে আরে রামঃ। আমার হাতে পড়লে পরে ‘এক্‌সরে’ করে দেখি, রোগটা কেমন, কঠিন কিনা—আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস-ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ‘ইঞ্জেক্‌শান’ নিতে হবে ‘অক্সিজেন’টা পরে, তার পরেতে দেখব এ রোগ থাকে কেমন ক’রে “ পল্লীগ্রামের বদ্যিনাথ অবাক হন ভারী, সর্দি হলেই এমনতর? ধন্য ডাক্তারী!! — অপ্রচলিত রচনা (1967)