সীমার মাঝে, অসীম, তুমি          বাজাও আপন সুর।        আমার মধ্যে তোমার প্রকাশ          তাই এত মধুর।        কত বর্ণে কত গন্ধে,        কত গানে কত ছন্দে,        অরূপ, তোমার রূপের লীলায়          জাগে হৃদয়-পুর।        আমার মধ্যে তোমার শোভা          এমন সুমধুর।     তোমায় আমায় মিলন হলে        সকলি যায় খুলে,-     বিশ্বসাগর ঢেউ খেলায়ে।        উঠে তখন দুলে।     তোমার আলোয় নাই ত ছায়া,     আমার মাঝে পায় সে কায়া,     হয় সে আমার অশ্রুজলে        সুন্দর বিধুর।     আমার মধ্যে তোমার শোভা        এমন সুমধুর। ২৭ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)