৬৬   কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে—    সে ত আজকে নয় সে আজকে নয়।   ভুলে গেছি কবে থেকে আসচি তোমায় চেয়ে    সে ত আজকে নয় সে আজকে নয়।         ঝরণা যেমন বাহিরে যায়,         জানেনা সে কাহারে চায়         তেমনি করে ধেয়ে এলেম           জীবনধারা বেয়ে—         সে ত আজকে নয় সে আজকে নয়   কতই নামে ডেকেছি যে,   কতই ছবি এঁকেছি যে,   কোন আনন্দে চলেছি, তার     ঠিকানা না পেয়ে—   সে ত আজকে নয় সে আজকে নয়।         পুষ্প যেমন আলোর লাগি         না জেনে রাত কাটায় জাগি,         তেমনি তোমার আশায় আমার           হৃদয় আছে ছেয়ে—         সে ত আজকে নয় সে আজকে নয়। ৯ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)