বৃথা চেষ্টা রাখি দাও। স্তব্ধ নীরবতা আপনি গড়িবে তুলি আপনার কথা। আজি সে রয়েছে ধ্যানে—এ হৃদয় মম তপোভঙ্গভয়ভীত তপোবন-সম। এমন সময়ে হেথা বৃথা তুমি প্রিয়া, বসন্তকুসুমমালা এসেছ পরিয়া, এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি— নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি। শুধু এ মর্মরহীন বনপথ-’পরি তোমারি মঞ্জীর দুটি উঠিছে গুঞ্জরি। প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে— কালিকার গান আজি আছে মৌন হয়ে। তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল, অকালে ফুটিতে চাহে সকল মুকুল। ২৯ চৈত্র, ১৩০২ — চৈতালি (1896)