নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে তারি মধু কেন মন-মধুপে খাওয়াও না।       নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না॥       বিশ্বকমল ফুটে চরণচুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় উম্মনে,       আমার চিত্ত-কমলটিরে সেই রসে কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না॥       আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে, তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,       তেমনি করে সুধাসাগর-সন্ধানে আমার জীবন-ধারা নিত্য কেন ধাওয়াও না॥       পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ;       তেমনি করে আমার হৃদয়-ভিক্ষুরে কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না॥ ২৯ আশ্বিন [১৩২০] শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)