কোথায় আলো কোথায় ওরে আলো! বিরহানলে জ্বালোরে তীরে জ্বালো।     রয়েছে দীপ না আছে শিখা     এই কি ভালে ছিলরে লিখা! ইহার চেয়ে মরণ সে যে ভালো। বিরহানলে প্রদীপখানি জ্বালো। বেদনা দূতী গাহিছে “ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান!     নিশীথে ঘন অন্ধকারে     ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান। তোমার লাগি জাগেন ভগবান। গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি।     এ ঘোর রাতে কিসের লাগি     পরাণ মম সহসা জাগি এমন কেন করিছে মরি মরি। বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজুলি শুধু ক্ষণিক আভা হানে, নিবিড়তর তিমির চোখে আনে     জানিনা কোথা অনেক দূরে     বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে; নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো কোথায় ওরে আলো। বিরহানলে জ্বালরে তারে জ্বালো।     ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,     সময় গেলে হবেনা যাওয়া, নিবিড় নিশা নিকষ-ঘন কালো। পরাণ দিয়ে প্রেমের দীপ জ্বালো। আষাঢ় ১৩১৬ — গীতাঞ্জলি (1910)