জগৎ জুড়ে উদার সুরে   আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে   বাজিবে হিয়া মাঝে?        বাতাস জল আকাশ আলো        সবারে কবে বাসিব ভালো,        হৃদয়-সভা জুড়িয়া তারা             বসিবে নানা সাজে। নয়ন দুটি মেলিলে কবে   পরাণ হবে খুসি, যে পথ দিয়া চলিয়া যাব   সবারে যাব তুষি।        রয়েছ তুমি এ কথা কবে        জীবন মাঝে সহজ হবে,        আপনি কবে তোমারি নাম             ধ্বনিবে সব কাজে। আষাঢ় ১৩১৬ — গীতাঞ্জলি (1910)