দুর্দিন ঘনায়ে এল ঘন অন্ধকারে হে প্রাণেশ! দিগ্‌বিদিক বৃষ্টিবারিধারে ভেসে যায়,​​ কুটিল কটাক্ষে হেসে যায় নিষ্ঠুর বিদ্যুৎ-শিখা— উতরোল বায় তুলিল উতলা করি অরণ্য কানন।   আজি তুমি ডাকো অভিসারে​​ হে মোহন,   হে জীবনস্বামী। অশ্রুসিক্ত বিশ্ব-মাঝে   কোনো দুঃখে,​​ কোনো ভয়ে,​​ কোনো বৃথা কাজে   রহিব না রুদ্ধ হয়ে। এ দীপ আমার   পিচ্ছিল তিমিরপথে যেন বারম্বার   নিবে নাহি যায়—​​ যেন আর্দ্র সমীরণে   তোমার আহ্বান বাজে। দুঃখের বেষ্টনে   দুর্দিন রচিল আজি নিবিড় নির্জন;   হোক আজি তোমা-সাথে একান্ত মিলন। — নৈবেদ্য (1901)