তোমারে ছাড়িয়ে যেতে হবে       রাত্রি যবে উঠিবে উন্মনা হ’য়ে প্রভাতের রথচক্র-রবে।     হায়রে বাসর ঘর, বিরাট বাহির সে-যে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর।     তবু সে যতই ভাঙে চোরে মালা-বদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন ক’রে,     তুমি আছ ক্ষয় হীন       অনুদিন;     তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু না হয় নীরব। কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল     শূন্য করি’ তব শয্যাতল?      যায় নাই, যায় নাই, নব নব যাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তা’রাই      তোমার আহ্বানে     উদার তোমার দ্বার পানে।       হে বাসর ঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর॥ * আষাঢ়, ১৩৩৫ — মহুয়া (1929)