আনন্দেরি সাগর থেকে   এসেছে আজ বান। দাঁড় ধরে আজ বস্ রে সবাই,        টান্‌ রে সবাই টান্‌।             বোঝা যত বোঝাই করি             করবরে পার দুখের তরী,             ঢেউয়ের পরে ধরব পাড়ি                 যায় যদি যাক্‌ প্রাণ।             আনন্দেরি সাগর থেকে             এসেছে আজ বান।   কে ডাকে রে পিছন হতে        কে করে রে মানা,   ভয়ের কথা কে বলে আজ        ভয় আছে সব জানা।             কোন্‌ শাপে কোন্‌ গ্রহের দোষে             সুখের ডাঙায় থাকব বসে,             পালের রসি ধরব কসি                 চলব গেয়ে গান৷             আনন্দেরি সাগর থেকে             এসেছে আজ বান। ১৩১৪ — গীতাঞ্জলি (1910)