আমারে সৃজন করি যে মহাসম্মান দিয়েছ আপন হস্তে, রহিতে পরান তার অপমান যেন সহ্য নাহি করি। যে আলোক জ্বালায়েছ, দিবসশবরী তার উর্ধ্বশিখা যেন সব-উচ্চে রাখি, অনাদর হতে তারে প্রাণ দিয়া ঢাকি। মোর মনুষ্যত্ব সে যে তোমারি প্রতিমা, আত্মার মহত্ত্বে মম তোমারি মহিমা, মহেশ্বর।     সেথায় যে পদক্ষেপ করে,   অবমান বহি আনে অবজ্ঞার ভরে,   হোক-না সে মহারাজ বিশ্বমহীতলে   তারে যেন দণ্ড দিই দেশদ্রোহী ব’লে   সর্বশক্তি লয়ে মোর। যাক আর সব,   আপন গৌরবে রাখি তোমার গৌরব। — নৈবেদ্য (1901)