আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে         দেখতে আমি পাই নি।     বাহির-পানে চোখ মেলেছি         হৃদয়-পানেই চাই নি।     আমার সকল ভালোবাসায়,     সকল আঘাত, সকল আশায়     তুমি ছিলে আমার কাছে,         তোমার কাছে যাই নি॥     তুমি মোর আনন্দ হয়ে         ছিলে আমার খেলায়।     আনন্দে তাই ভুলে ছিলেম,         কেটেছে দিন হেলায়।     গোপন রহি গভীর প্রাণে     আমার দুঃখ-সুখের গানে     সুর দিয়েছ তুমি, আমি         তোমার গান তো গাই নি॥ ২৫ চৈত্র [১৩২০] কলিকাতার পথে রেলগাড়িতে — গীতিমাল্য (1914)